
এম. এইচ. খান মাকসুদ, গাজীপুর থেকে: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং এই নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি গাজীপুরবাসীর প্রতি দৃঢ় আহ্বান জানান।
২৭ জানুয়ারি, রাত পোনে বারোটায় গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এই আহ্বান জানান। তারেক রহমান তার ভাষণে বলেন, বিএনপি হলো বাংলাদেশের মানুষের আস্থা ও বিশ্বাসের রাজনৈতিক দল, বাংলাদেশের প্রতিটি সংকটময় সময়ে বিএনপি দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, আন্দোলন – সংগ্রাম করেছে এবং নেতৃত্ব দিয়েছে, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিই বাংলাদেশের অতন্দ্র প্রহরী এবং বিএনপি একমাত্র সবার আগে বাংলাদেশে বিশ্বাস করে। ভাষণের শুরুতেই গাজীপুরবাসীকে সালাম জানিয়ে তারেক রহমান বলেন, গাজীপুরের এই ভাওয়াল রাজবাড়ী মাঠে তার শৈশব ও কৈশর কেটেছে, ছোটবেলায় এই মাঠে খেলাধুলা করেছেন। মাঠের দক্ষিণ পাশেই তারা বসবাস করতেন এবং গাজীপুরের সঙ্গে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
তিনি বলেন, গাজীপুরবাসীর প্রধান সমস্যা হলো জয়দেবপুর রেলক্রসিংয়ের ভয়াবহ যানজট, কয়েক যুগ ধরে গাজীপুরবাসী সীমাহীন ভোগান্তির শিকার এবং এই সমস্যা সমাধানে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর ফ্লাইওভার নির্মাণ করা হবে, গাজীপুরবাসীর দুঃখ-কষ্ট ও ভোগান্তির স্থায়ী সমাধান করা হবে। শিল্পনগরী গাজীপুরের পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তুরাগ নদী, লবণদহ নদী ও চিলাই খাল খনন করে দূষণমুক্ত করা হবে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনা হবে, ভাওয়াল গড় ও শালবন রক্ষা করে সবুজ বনাঞ্চল গড়ে তোলা হবে এবং শিল্পবর্জ্যের দূষণ থেকে বনভূমিকে মুক্ত রাখা হবে। তিনি আরও বলেন, শিল্প অধ্যুষিত গাজীপুর এলাকায় শ্রমিকদের জন্য পরিকল্পিত আবাসন পল্লী গড়ে তোলা হবে। গাজীপুরের পোশাক শিল্পকে আরো সমৃদ্ধ করা হবে। ভূমিহীনদের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। তারেক রহমান বলেন, গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির পাঁচজন প্রার্থীর হাতে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে এবং তাদের ভোট দিয়ে নির্বাচিত করলে গাজীপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে ও গাজীপুরের উন্নয়ন হবে।
তারেক রহমানের নির্বাচনী সফরসঙ্গী হিসেবে সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। গাজীপুর শহরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে বিএনপির এই জনসভাকে সফল করতে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রচেষ্টায় গাজীপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, পুবাইল থানার আংশিক ও বাড়িয়া ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.কে.এম ফজজুল হক মিলন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, কেন্দ্রীয় শ্রমিক দলের উপদেষ্টা হুমায়ুন কবির খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকার, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মজিবুর রহমান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, কাপাসিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন খান, মহানগর বিএনপির সাবেক ১নং আহ্বায়ক হান্নান মিয়া হান্নু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মীর হালিমুজ্জামান ননী, সাবেক সহ-সভাপতি ড. শহিদুজ্জামান, আহাম্মদ আলী রুশদি, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুসহ জেলা ও মহানগরের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, তারেক রহমানের গাজীপুরে জনসভায় যোগ দেওয়ার কথা ছিল সন্ধ্যা ছয়টায়, তবে ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুরে ফেরার পথে ময়মনসিংহ থেকে গাজীপুর পর্যন্ত সড়কের দুই পাশে লাখো মানুষের সঙ্গে কুশল বিনিময় ও হাত মেলাতে মেলাতে ভাওয়াল রাজবাড়ী মাঠে পৌঁছাতে রাত পোনে বারোটা বেজে যায়, তবুও ভাওয়াল রাজবাড়ী মাঠ ও আশপাশের এলাকা গভীর রাত পর্যন্ত মানুষে মানুষে পূর্ণ থাকে এবং একজন মানুষও স্থান ত্যাগ করেননি। দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ত্যাগ, তিতিক্ষা ও রক্তক্ষয়ী সংগ্রামের পর নেতার এই আগমন গাজীপুরবাসীর জন্য সৌভাগ্যের ও গর্বের, স্বৈরাচারী সরকারের নির্যাতন, কারাবরণ ও জীবনের শেষ প্রান্তে পৌঁছেও তারা দলের আদর্শ থেকে বিচ্যুত হননি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী শক্তি হিসেবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করে যাবে।











































