
জনসভার আগে চট্টগ্রামে তরুণদের সঙ্গে জনপ্রশাসন, দুর্নীতি, কর্মসংস্থান, শিক্ষানীতি ও স্বাস্থ্য নিয়ে মতবিনিময় করলেন তারেক রহমান। চট্টগ্রামে নির্ধারিত নির্বাচনী জনসভার আগে রবিবার সকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামের একটি হোটেলে তরুণদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
“দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক এই অনুষ্ঠানে ৪৯টি স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ মোট ৩৮৭ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরীস উপস্থিত ছিলেন।

তরুণরা দুর্নীতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যখাত, কর্মক্ষেত্রের পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে নানা প্রশ্ন ও নীতিগত প্রস্তাব উপস্থাপন করেন। তারেক রহমান তরুণদের প্রস্তাব মনোযোগ দিয়ে শোনেন এবং কর্মসংস্থান, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ও যুব ক্ষমতায়ন নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি ফেনী অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ব্যবস্থার কথাও তুলে ধরেন, বিশেষ করে বন্যায় বেহাল অবস্থার কথা উল্লেখ করেন।

একই সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিএনপির পরিকল্পনা, বিভিন্ন প্রকল্পের অর্থায়নের কাঠামো এবং তরুণদের সম্পৃক্ত করে রাষ্ট্র গঠনের রূপরেখা তুলে ধরেন। উপস্থিত তরুণদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রাণবন্ত। দলীয় সূত্র জানায়, ভবিষ্যতেও এ ধরনের তরুণ-কেন্দ্রিক নীতিগত সংলাপ আরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণদের ভাবনা ও প্রত্যাশা সরাসরি রাষ্ট্রীয় নীতিনির্ধারণে প্রতিফলিত হবে।










































